বাংলাদেশ-চীন সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি-এসসিএসআইও’র মধ্যে এমওইউ সই

Printed Edition
3rd-3
বাংলাদেশ-চীন সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি-এসসিএসআইও’র মধ্যে এমওইউ সই

বাংলাদেশ এবং চীনের মধ্যে কৌশলগত সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির (এসসিএসআইও) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রোববার চীনের এসসিএসআইওর নানশা ক্যাম্পাসে ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং এসসিএসআইওর মহাপরিচালক অধ্যাপক চাওলুন লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন এসসিএসআইওর স্টেট কি ল্যাবরেটরি অব ওশেনোগ্রাফির পরিচালক অধ্যাপক ইয়ান ডু।

এই সহযোগিতার লক্ষ্য হলো- সমুদ্র সঞ্চালন, জলবায়ু পরিবর্তনশীলতা, সামুদ্রিক বাস্তুতন্ত্র, উপকূলীয় স্থিতিস্থাপকতা এবং ব্লু ইকোনমি গভর্ন্যান্সের উপর দৃষ্টি নিবদ্ধ করে যৌথ গবেষণা কার্যক্রম চালু করা।

উল্লেখ্য, সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ভির্সি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ঢাবির পাঁচ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে চীন সফরে রয়েছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের (আইসিওজি) পরিচালক ড. কে এম আজম চৌধুরী। বিজ্ঞপ্তি