১০৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা
এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
Printed Edition
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে বরদাশত করা হবে না।
গতকাল সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজকার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়ার অনুরোধ দাখিল ও সে অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা আছে। বেসরকারি মাধ্যমের ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর মধ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মক্কায় ৭৪ হাজার ৬২৬ জন ও মদিনায় ৭৮ হাজার ৬৮৭ জনের বাড়িভাড়া নিশ্চিত হয়েছে। মক্কায় সাত হাজার ২৭৪ এবং মদিনায় তিন হাজার ২১৩ জনসহ মোট ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনো চূড়ান্ত হয়নি। হজযাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এসব হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি।
তিনি আরো বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এর দায় কোনোভাবেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় বহন করবে না।
ড. খালিদ বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত পাঁচ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন করা হয়েছে। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ভিসাপ্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।
ড. খালিদ আরো বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি করার জন্য হজ অফিস, জেদ্দা ও ধর্ম মন্ত্রণালয় হতে হজ এজেন্সিগুলোকে মোট আটটি পত্র ও অসংখ্যবার খুদে বার্তা দেয়া হয়েছে। অনলাইনে জুম প্ল্যাটফর্মে বেশকিছু সভা করা হয়েছে। এ ছাড়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত নানা তাগিদ দেয়া হচ্ছে। তিনি হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।
এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে কী ধরনের পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যেসব হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে কোনো হাজী যেতে পারবেন না আমরা তাদের লাইসেন্স বাতিল করে দেবো।