মানিকনগর মডেল হাইস্কুল

বিদেশে বসে হুমকি দিচ্ছেন বহিষ্কৃত সাবেক প্রধান শিক্ষক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মানিকনগর মডেল হাইস্কুল- একসময় যে প্রতিষ্ঠানের সুনাম ছিল, সেখানে অনিয়মই নিয়মে পরিণত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তৎকালীন প্রধান শিক্ষক মোসা: ফেরদৌসী ইয়াসমীনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর বিদ্যালয়টির পরিবেশে নেমে আসে অস্থিরতা।

জানা গেছে, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন হাসিনা সরকারের পতনের পর থেকে ফেরদৌসী ইয়াসমীন আর স্কুলে উপস্থিত হননি। অভিযোগ রয়েছে, তিনি গোপনে পরিবারের সদস্যদের সাথে বিদেশে পাড়ি জমান এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন।

এ দিকে বিদ্যালয়ের আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে গভর্নিং কমিটি সাবেক প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমীনকে বহিষ্কার করেছে। একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও গভর্নিং কমিটির সদস্যদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে ফেরদৌসী ইয়াসমীন বিদেশে অবস্থান করেও নানা ষড়যন্ত্রে জড়াচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাদের দাবি, তিনি আবার স্কুলে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন।

শিক্ষক ও অভিভাবকসূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেরদৌসী ইয়াসমীন ২০০৯ সালের ১১ ডিসেম্বর মানিকনগর মডেল হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অভিযোগও রয়েছে। অভিযোগে আরো বলা হয়, তিনি সাধারণ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়ে শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি তাদের।