নাসুমের পাওনা নিয়ে টাইটান্সের ব্যাখ্যা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেললেও এখনো পুরো পারিশ্রমিক বুঝে না পাওয়ার অভিযোগ করেছেন নাসুম আহমেদ। এমন অভিযোগে পরপরই পাল্টা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিলেট।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় নাসুম আহমেদের বকেয়া পাওনা সংক্রান্ত কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদগুলোতে তথ্যের অসামঞ্জস্যতা থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রয়েছে। প্রকৃত সত্য তুলে ধরে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ‘বি’ ক্যাটাগরিতে চুক্তি অনুযায়ী নির্ধারিত ৩৫ লাখ টাকা সম্পূর্ণটাই নাসুম আহমেদকে পরিশোধ করা হয়ছে। বর্তমান প্রেক্ষাপটে তার কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের কাছে অবশিষ্ট নেই।’

নাসুম আহমেদের বিশেষ অনুরোধে তার প্রাপ্য অর্থ নগদে সরাসরি পরিশোধ করা হয়েছে। তিনি ব্যাংকের মাধ্যমে না দেয়ার জন্য শুরুতেই অনুরোধ করেন।

টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার খাতিরে অগ্রিম হিসেবে প্রদত্ত চেকগুলো অন্য খেলোয়াড়রা পেমেন্ট বুঝে নিয়ে ফেরত দিলেও, নাসুম আহমেদ তা এখনো ফেরত দেননি।

তারা আরো জানায়, ‘নিলামের পূর্বে খেলোয়াড়ের সাথে পারিশ্রমিক ও বোনাস নিয়ে কিছু মৌখিক আলোচনা হয়েছিল। সেখানে শর্ত ছিল যে, দল যদি চ্যাম্পিয়ন হয় তবে অতিরিক্ত বোনাস দেয়া হবে। যেহেতু দল কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাই ওই মৌখিক বোনাস প্রদানের কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই। মূলত স্বাক্ষরিত চুক্তিপত্রের শর্তাবলী অনুযায়ীই সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। সিলেট টাইটান্স সর্বদা খেলোয়াড়দের পেশাদারিত্ব এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।