রংপুর বিভাগ সমিতিতে অচলাবস্থা নিরসনে বিশেষ সাধারণ সভার দাবি

Printed Edition

রংপুর বিভাগ সমিতি, ঢাকার বর্তমান কার্যকরী কমিটির অধিকাংশ নেতার অনুপস্থিতি ও নিষ্ক্রিয়তায় সংগঠনের কার্যক্রমে দীর্ঘমেয়াদি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যরা। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এই অচলাবস্থা নিরসনে দ্রুত একটি বিশেষ সাধারণ সভা আহ্বানের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কমিটির বর্তমান মেয়াদের সময়সীমা আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত থাকলেও শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে সমিতির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠাতা সদস্যদের তথ্যমতে, সমিতির সভাপতি ড. নুরুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মগোপনে বা দীর্ঘসময় অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ কয়েকজন বর্তমানে কারাবন্দী।

প্রতিষ্ঠাতা সদস্যরা মনে করেন, সংগঠনের উদ্দেশ্য ও রংপুর বিভাগের মানুষের কল্যাণ নিশ্চিত করতে এই অচলাবস্থা কাটানো জরুরি। তাই বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং নতুন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংগঠনে গতি ফেরাতে একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করা আবশ্যক।

বিবৃতি প্রদানকারী প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন- প্রতিষ্ঠাতা সভাপতি ড. আবদুল্লাহ আল নাসের, আবদুল মতিন সরকার, আমজাদ হোসেন দিপ্তী, খালেদা খানম, মঞ্জু আরা বেগম, রিংকু ঘোষ ও অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশেষ সাধারণ সভার মাধ্যমে সমিতি আবার তার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।