ড্যাফোডিলে ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

Printed Edition

শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী ও বৈশ্বিক বাজারের উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে রোববার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট (ণঊঝ) ২০২৬’। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (উওট) যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের কয়েক শ’ শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন।

‘দক্ষতাই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন, দক্ষ বাংলাদেশ গড়তে তরুণদের কেবল সার্টিফিকেটধারী হলে চলবে না, বরং তাদের কারিগরি ও ব্যবহারিক জ্ঞানে পারদর্শী হতে হবে। এই সামিট তরুণদের মধ্যে কর্মমুখী মানসিকতা তৈরিতে সহায়ক হবে।

সম্মেলনের বিশেষ আকর্ষণ ‘ইনোভেশন শোকেস’-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। গ্লোবাল পলিসি ডায়ালগ সেশনে বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবেলায় তরুণদের করণীয় ও ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা পাঠ্যক্রমের সাথে শিল্পের চাহিদার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। ড. খান তার বক্তব্যে বলেন, চাকরি খোঁজার মানসিকতা বদলে নিজেকে গ্লোবাল প্ল্যাটফর্মে দক্ষ জনসম্পদ হিসেবে উপস্থাপন করাই এখনকার মূল চ্যালেঞ্জ। ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান মূল প্রবন্ধে যুগোপযোগী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে এম হাসান রিপন স্বাগত বক্তব্যে তরুণদের সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

দিপ্তী, বিএসডিআই, স্কিল ডট জবস এবং ড্যাফোডিল জাপান আইটি-সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। বিজ্ঞপ্তি।