নির্বাচনে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে : রফিকুল ইসলাম খান

Printed Edition
bangla3
উল্লাপাড়ায় জোটের অন্তর্ভূক্ত দলের সাথে মতবিনিময় করেন রফিকুল ইসলাম খান : নয়া দিগন্ত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমরা সবাই পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করব। আগামী নির্বাচন হবে জাতি গঠনের নির্বাচন।

গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী জোটের উল্লাপাড়া উপজেলাপর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়াকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দখলদারমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। ঐক্যের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনান, জেলা আহ্বায়ক এনসিপি আব্দুল্লাহ আল মামুন (লিয়ন), উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি হেদায়াতুল্লাহ, যুব মজলিস সভাপতি রাশেদুল হাসান (মামুন), জেলা মুখ্য সংগঠক যুব এনসিপি মেহেদী হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা: নজরুল ইসলাম, উল্লাপাড়া সিনিয়র মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাসুম আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দফতর সম্পাদক আ: বারী, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোস্তফা সাদসহ ১০ দলীয় জোটের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ।