সুনামগঞ্জের সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

Printed Edition

সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।

গতকাল শুক্রবার সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি দল তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির মাইজহাটি এলাকা থেকে এসব ডেটোনেটর উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে তাল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।