রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
Printed Edition
রাজধানীর মুগদা থানার মানিকনগর ওয়াসা রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মেজবা বলেন, সুমি বিভিন্ন বাসায় টিউশনি করাতেন। গত রাত সাড়ে ৯টার দিকে মানিকনগর ওয়াসা রোড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে মুগদা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাসা মানিকনগর ওয়াসা রোড এলাকায়। বাবার নাম সাজু মিয়া। স্বামী মাহফুজুর রহমানের সঙ্গে থাকতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, অটোরিকশার ধাক্কায় প্রথমে আহত হয়েছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।