কর্ণফুলী টানেলের সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

Printed Edition

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন। দিনব্যাপী এই পরিদর্শনে তিনি টানেলের আয় বৃদ্ধির নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

শুরুতে সেতু সচিব টানেল সংলগ্ন কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরবর্তী সময়ে তিনি কর্ণফুলী টানেলের টোল আদায় ও সার্বিক আয় বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি ব্যবহারের মাধ্যমে টানেলের ব্যবহার ও উপযোগিতা বৃদ্ধি করে কিভাবে রাজস্ব আয় বাড়ানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় টানেলের টোল আয় বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলী ড্রাই ডক জেটির বহুমুখী ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উন্নত প্রযুক্তির হেলথ মনিটরিং ইকুইপমেন্ট স্থাপনের কাজ চলমান রয়েছে। সেতু সচিব স্থাপনাটির ভেতরে প্রবেশ করে স্বয়ংক্রিয় এই সেন্সর ও মনিটরিং সিস্টেমের যান্ত্রিক কার্যক্রম পরিদর্শন করেন। উল্লেখ্য যে, এই প্রযুক্তির মাধ্যমে টানেলের ভেতরের বায়ু চলাচল, ভূমিকম্পন সহনশীলতা এবং যেকোনো ধরনের ফাটল বা ত্রুটি রিয়েল-টাইম ডাটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

পরিদর্শনকালে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তারা এবং কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।