নীলফামারী-১ আসনে ধানের শীষের দাবিতে বিক্ষোভ

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোট প্রার্থী প্রত্যাহার করে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে ডোমারে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোমনাতি বাজার এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলসহ দলীয় নেতারা।

এর আগে ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মা সেলিনা ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার বড় বোন। সে হিসেবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। প্রকৌশলী তুহিন এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে গণসংযোগ কার্যক্রম চালিয়ে আসছিলেন।