দক্ষ চিকিৎসক গড়তে বেসরকারি মেডিক্যাল কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition
artho-5
দক্ষ চিকিৎসক গড়তে বেসরকারি মেডিক্যাল কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

মেডিক্যাল শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ করে আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। গত শনিবার রাতে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করে জানান, করোনা মহামারিকালে জেলা পর্যায়ে স্থাপিত এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটগুলো আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু করা হবে। তিনি বলেন, মানুষ বাঁচাতে হলে দক্ষ চিকিৎসকের বিকল্প নেই এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে যাতে তারা অতিরিক্ত চাপে হতাশায় না ভোগে। চিকিৎসকদের ওপর রোগীদের গভীর আস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি পেশাগত নৈতিকতা বা মেডিক্যাল এথিকস মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের জন্য ঋণের সুবিধার দাবির বিষয়ে মন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাস দেন। এ ছাড়া দেশের হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানান। তিনি চিকিৎসকদের ধৈর্য ও ত্যাগের প্রশংসা করে তাদের মানবিকতার সাথে সেবা প্রদানের আহ্বান জানান।

বিপিএমসিএ-র সভাপতি ডা: শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন, বিএমডিসি প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মোহাম্মাদ সাইফুল ইসলাম, বিএমইএসি রেজিস্টার অধ্যাপক ডা: মো: হুমায়ুন কবির তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা: নাদিম আহম্মদ। অনুষ্ঠানে বিপিএমসিএ-র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো: মোয়াজ্জেম হোসেনসহ অন্য নেতারা বক্তব্য দেন। উল্লেখ্য, সম্মেলনের আগে বিকেলে অ্যাসোসিয়েশনের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।