রাশিয়ায় রাতভর ইউক্রেনের শত শত ড্রোন হামলা
Printed Edition
এএফপি
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একযোগে সাড়ে পাঁচ শতাধিক ড্রোন ছুড়ে নজিরবিহীন ও বিশাল এক বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোনের এই বিশাল বহরের হামলায় রাজধানী মস্কোতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, মস্কোসহ দেশের এক ডজনেরও বেশি অঞ্চলে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর অভিযান চালিয়ে মোট ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, ভোর ৩টা থেকে রাজধানী অঞ্চলে এই বড় আকারের ড্রোন হামলা প্রতিহত করা শুরু করে বিমান প্রতিরক্ষা বাহিনী। হামলার সময় একটি ড্রোন আবাসিক বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন এবং ধ্বংসস্তূপের নিচে আরো একজন আটকে পড়েন। ভোরের দিকে চালানো এই হামলায় আরো দুই পুরুষ নিহত হয়েছেন বলে গভর্নর নিশ্চিত করেন। অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এই হামলায় চারজন আহতও হয়েছেন।
এ দিকে মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর কেবল রাজধানী শহরের আকাশেই অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করেছে। উল্লেখ্য, এর মাত্র এক দিন আগে কিয়েভে রাশিয়ার চালানো এক ভয়াবহ হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর শুক্রবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরো তীব্র প্রতিশোধমূলক হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।