বাজিতপুর ও নিকলীতে ডাকাতি ছিনতাই বাড়ছে
Printed Edition
আলি জামশেদ বাজিতপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় সাম্প্রতিক সময়ে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধের মূল কারণ হিসেবে মাদকের বিস্তার বড় ভূমিকা রাখছে।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকায় একটি বাড়িতে একদল ডাকাত ঘরের গ্রিল কেটে ঢুকে ডাকাতি করে। ভুক্তভোগী সুমন বণিক জানান, ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে সুমন বণিককে মারধর করে ডাকাতরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই রাতে ওই এলাকায় আরো কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ধরনের ধারাবাহিক ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকেই হয়রানির আশঙ্কায় থানায় অভিযোগ করতেও অনীহা প্রকাশ করছেন।
সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, অপরাধে জড়িতদের বড় একটি অংশ মাদক কারবার ও সেবনের সাথে সম্পৃক্ত। স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তরা চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে সঙ্ঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছে। নারীদের সম্পৃক্ততাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
নিকলী উপজেলার একটি অভিযানে (৯ এপ্রিল) এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, মাদক নিয়ন্ত্রণ না হলে অপরাধ আরো বাড়বে।
এ দিকে বাজিতপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় উদ্বেগ আরো বেড়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নিকলী থানার ওসি মাহবুবুর রহমানও মাদককে অপরাধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।