গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন কালু, বিএনপি নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিনের অনুসারীদের দাবি, সারগিদুল অবৈধভাবে পদ দখল করে আছেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিজের লোকজনের মধ্যে ভাগ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকেই আলফাজ উদ্দিনের লোকজন কড়ইগাছি মোড়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুলের লোকজন লাঠিসোঁটা নিয়ে পরিষদের ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, নিয়ম মেনেই তিনি দায়িত্ব পালন করছেন এবং বরাদ্দ সঠিকভাবেই বিতরণ করা হচ্ছে।