আগামী ১ জুলাই উদযাপিত হবে ঢাবি দিবস
Printed Edition
আগামী ১ জুলাই ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উদযাপন করা হবে। গতকাল অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল।
সভায় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল সাড়ে ৯টায় ভিসির ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হবেন। সেখান থেকে পৌনে ১০টায় ভিসির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি টিএসসির সামনে পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে ভিসির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ দ্বারে তোরণ নির্মাণ করা হবে। বিজ্ঞপ্তি।