ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

Printed Edition

এএফপি

ব্রিটেনে আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনপ্রিয়তা হারানো প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্য এটি নতুন চাপ ডেকে আনতে পারে। একই সাথে ডান ও বামপন্থী জনতাবাদী দলগুলোর উত্থান আরো দৃঢ় হতে পারে।

স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসে লাখো ভোটার ভোট দেয়ার সুযোগ পাবেন। ২০২৪ সালের জুলাইয়ে বড় ব্যবধানে সাধারণ নির্বাচন জয়ের পর এটি স্টারমারের সবচেয়ে বড় পরীক্ষা। জরিপগুলো বলছে, লেবারের ফলাফল হতাশাজনক হতে পারে। এতে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরো জোরালো হতে পারে। যদিও তাকে সরানো সহজ নয় এবং বিকল্প নেতৃত্বও তেমন দেখা যাচ্ছে না।

এই নির্বাচনে অভিবাসন বিরোধী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী রিফর্ম ইউকে ও বামপন্থী গ্রিনপার্টি বড় ধরনের সাফল্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রচলিত দলগুলোর প্রতি ভোটারদের অনাগ্রহই এর পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে।