প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও তাঁর কন্যা খালেদা হাবিবের স্মারক বক্তৃতা
Printed Edition
প্রথিতযশা শিক্ষাবিদ-মনেপ্রাণে আপাদমস্তক সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও তাঁর কন্যা প্রিন্সিপাল খালেদা হাবিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩রা মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ট্রাস্ট ফান্ড কর্তৃক আয়োজিত এক স্মারক বক্তৃতার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. ওয়াকিল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ সম্পর্কে বলেন, এ দেশের শিক্ষাবিস্তারের ইতিহাসে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য ও স্মরণীয়। তৎকালে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার জন্মভূমি টাঙ্গাইলের ভূঞাপুরে বালক-বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা, করটিয়া সাদত কলেজে টানা ২২ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন, মিরপুর সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। একই সাথে তিনি ঢাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি আরো বলেন, কীর্তিমান মনীষী প্রিন্সিপাল ইবরাহীম খাঁর শিক্ষার ক্ষেত্রে যে যুগান্তকারী অবদান রেখে গেছেন বলেই তাকে নিয়ে চর্চা করা উচিত। প্রিন্সিপাল ইবরাহীম খাঁর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রচেষ্টায় যেসব প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে সেসব প্রতিষ্ঠানেই তাকে নিয়ে চর্চার ঘাটতি রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো: আবুল কালাম সরকার, স্বাগত ভাষণ দেন ট্রাস্ট ফান্ডের সম্মানিত দাতা ডাক্তার মোসাদ্দেক হাবিব। তিনি ভাষণে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি হলের নামকরণ অথবা রাজধানী শহরে একটি রাস্তার নামকরণ করতে দাবি জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও চেয়ারম্যান, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-অধ্যক্ষ খালেদা হাবিব স্মারক ট্রাস্ট ফান্ড। বিজ্ঞপ্তি।