শরীয়তপুরে ৪টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
Printed Edition
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা স্টেডিয়ামের আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সূত্র জানায়, বুধবার রাতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশী মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশী মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।