সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
সুন্দরবনে মৌয়াল ও জেলে অপহৃত
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে অস্ত্রের মুখে এক মৌয়াল ও জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে বনদস্যু আলিফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে বলে দাবি করেছেন তাদের সহকর্মীরা। অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত শেখ আবদুর রহমানের ছেলে মৌয়াল আবদুল করিম (৪৮) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে জেলে ইসমাইল হোসেন (২৮)। সাতক্ষীরা প্রতিনিধি।
দুর্নীতি করা যাবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
উন্নয়ন চাইলে আগে দুর্নীতি যাবে না। নর্থ বেঙ্গল সুগার মিলের সার্বিক উন্নয়নে এর কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা চাকরি দেয়ার নামে চাঁদাবাজি সহ্য করা হবে না। গতকাল মঙ্গলবার সকালে শহীদ সাগর দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি এ কথা বলেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম। লালপুর (নাটোর) সংবাদদাতা।
ইয়াবাসহ কারবারি গ্রেফতার
মাগুরার শালিখায় ২৯পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। পুলিশ জানায়, ফরিদপুরের ভাঙ্গা থানার সরাই বাড়ি গ্রামের মো: বালাম মাতুব্বরের ছেলে মো: স্বপন মাতুব্বর (৩২)। দীর্ঘ দিন ধরে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে মামাবাড়ি বসবাস করে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার এসআই মো: বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম গত সোমবার তাকে আটক করে। শালিখা (মাগুরা) সংবাদদাতা।
জাল টাকা ও মেশিনসহ গ্রেফতার ২
কেরানীগঞ্জে ছয় লাখ টাকার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গত সোমবার আটক করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা, মুজিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (দক্ষিণ) টিম। এ সময় অভিযান চালিয়ে মো: কাউছার (৫০) ও মো: কামালকে (৫১) গ্রেফতার করা হয়। ঢাকা জেলা প্রতিনিধি।
বন্যপ্রাণী শিকার অভিযোগে জরিমানা
বাঁশখালীতে বন্যপ্রাণী শিকার করে ব্যবসার অভিযোগে ইয়াছিন হোসেন রুবেল নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে সাধনপুর ইউপির বাণীগ্রাম এলাকায় বন বিভাগের ফাঁদ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। অভিযানে তার কাছ থেকে একটি টিয়া পাখি ও তিনটি টিয়া পাখির ছানা উদ্ধার করা হয়। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।
মাদারগঞ্জে খাল পুনঃখনন শুরু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪.৫ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল এ প্রকল্পের উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অন্তর্ভুক্ত খালটি কোয়ালিকান্দি থেকে তেঘরিয়া পর্যন্ত এবং হিদাগাড়ী গুচ্ছগ্রাম থেকে হিদাগাড়ী আন্নার বাড়ি পর্যন্ত বিস্তৃত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
ভূঞাপুরে ৪ ডাকাত গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরি কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ: আজিজের ছেলে মাসুদ। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, পৌর শহরের ঘাটান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় রবিউল, মনির, শাহআলম ও মাসুসকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
হোসেনপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: আশু মিয়া (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশু মিয়া দরিয়াবাদ গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আশু মিয়া গত সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানের খড় শুকানো নিয়ে তারই চাচাতো ভাই সুরুজ আলীর সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতার এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর হাসপাতালে নেয়ার পথে আশু মিয়ার মৃত্যু হয়। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
৬ ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত শনিবার রাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর ও অগভীর নলকূপে স্থাপিত ট্রান্সফরমারগুলো সঙ্ঘবদ্ধ চোরচক্র খুলে নিয়ে যায়। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ইয়াদ আলী মণ্ডল, সুলতান আলী সরদার, জহুরুল ইসলাম, মিলন প্রামাণিক ও আফসার আলী খান, যার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকরা জানান, সকালে মাঠে গিয়ে তারা খুঁটিতে ট্রান্সফরমার না পেয়ে হতবাক হন। ধান মৌসুমে এমন ক্ষতিতে তারা আর্থিক সঙ্কটে পড়েছেন। নতুন করে ট্রান্সফরমার কিনতে বড় অঙ্কের টাকা লাগবে, যা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।