কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
Printed Edition
কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজে ‘গৌরবময় সাফল্যের পথে যাত্রা’ শিরোনামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নুরুল বশর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন একজন শিক্ষার্থী তার পরিশ্রমের মূল্যায়ন পায়, তখন তার মধ্যে নতুন উদ্যম ও লক্ষ্যপূরণের দৃঢ়তা তৈরি হয়। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে এবং উচ্চতর গবেষণার দিগন্ত উন্মোচন করে।
সভাপতির বক্তব্যে আল্লামা শায়খ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, বায়তুশ শরফ কেবল গতানুগতিক কোনো দরবার নয়; এটি মানবসেবা ও আদর্শিক শিক্ষা বিস্তারের একটি কেন্দ্র। এখানে জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া হয়। কারণ নৈতিকতাহীন জ্ঞান দিয়ে আদর্শ জাতি গঠন সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের পরামর্শ দেন।
প্রধান বক্তার বক্তব্যে কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের মৌলিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ করিম গত বছরের অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের জুনিয়র (৮ম শ্রেণী) বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ৫৩ জনসহ মোট ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলায় শীর্ষস্থান এবং চট্টগ্রাম বোর্ডে তৃতীয় স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।