সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিটুমিন কারখানা বিস্ফোরণে দগ্ধ ২

রাজবাড়ীর গোয়ালন্দে একটি অবৈধ বিটুমিন উৎপাদনকারী অবৈধ কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার গোয়ালন্দ থানার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে মো: সোহেল রানা (২৪)। তারা গোয়ালন্দ উপজেলার শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে গাড়ির পুরাতন টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। রাজবাড়ী প্রতিনিধি।

২৫ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে চলতি ২০২৬ সালে পরিচালিত ধারাবাহিক অভিযানে প্রায় ২৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান এ তথ্য জানান। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে

যাবে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

স্ত্রীকে তালাবদ্ধ করে আগুন

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ঘরের ভেতর তালাবদ্ধ করে পেট্রল ঢেলে নিজ গৃহে আগুন দিয়েছে এক মাদকাসক্ত পাষণ্ড স্বামী। স্থানীয়রা দরজা ভেঙে আগুনে দগ্ধ গৃহবধূ শিউলি আক্তারকে (২০) উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত মাদকসেবী মো: আলমগীর হোসেন (২৫) উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে। তবে তার খোঁজে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, মাদকাসক্ত স্বামী আলমগীর হোসেন গত বুধবার বিকেলে তার স্ত্রী শিউলি আক্তারের কাছে মাদক কিনতে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এ সময় শিউলি আক্তার টাকা দিতে অস্বীকার করলে মাদকসেবী আলমগীর তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সে স্ত্রীকে ঘরের ভিতরে বেঁধে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরের চৌগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সরকারি মডেল হাসপাতাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ জুন উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান মিজান রুমি। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ২৮ জুন উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬৪টি অস্থায়ী ক্যাম্পে বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী ক্যাম্প চালু

থাকবে। চৌগাছা (যশোর) সংবাদদাতা।

১১ কোটি টাকার মাদক ধ্বংস

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দিনাজপুর সেক্টরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ও দিনাজপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় জব্দকৃত প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। গত বৃহস্পতিবার সকালে দিনাজপুর ৪২ বিজিবির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংসের কার্যক্রম পরিচালিত হয়। মাদক ধ্বংসের এই বিশেষ কার্যক্রমে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় কোনোভাবেই মাদক চোরাচালান বরদাশত করা হবে না। মাদকের এই মরণনেশা দেশের ভেতরে ঢুকে যেন আমাদের যুবসমাজকে ধ্বংস করতে না পারে, সেজন্য ৪২ বিজিবি দিনরাত অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। দিনাজপুর প্রতিনিধি।

ধনবাড়ীতে পার্টনার কংগ্রেস

উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল খামারবাড়ির ডিএইর উপপরিচালক মো: আশেক পারভেজ। তিনি গত বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর ধনবাড়ীর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এ ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএসের কৃষক-কৃষানি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ

করেন। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।