শোকাবহ দিনে ঢাকার জয়
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটের মতো মানুষের জীবনও অনিশ্চিত। একসময় নির্জীব ব্যাট-বল নিয়ে যারা ক্রিকেটারদের পথ দেখান, অনিশ্চিত জীবনের কাছে হার মানতে হয় তাদেরও। কথা ছিল ডাগ-আউটে বসে শিষ্যদের চার-ছয়ে অনুপ্রেরণা জোগাবেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। জয়ের পর হাততালি দিয়ে তাদের বুকে টেনে নেবেন! তবে সেটি আর হলো কই। অনিশ্চিত এই জীবনের কাছে হার মেনেছেন জাকি। ঢাকার প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে সিলেটের মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান চির না-ফেরার দেশে। কোচ হারানোর দিনে সেই শোককে শক্তিতে পরিণত করে সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর দুর্দান্ত ফিনিশিংয়ে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছিল ঢাকা। ঢাকা বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ঢাকা।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা। ১ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। আরেক ওপেনার আবদুল্লাহ আল মামুন করেছেন ৪৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১২ ও নাসির হোসাইন ২২ রান করে ফিরে গেলে চাপে পড়ে দল। তবে দলকে চাপ থেকে মুক্ত করেছেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী। সাব্বির ১০ বলে ২১ ও শামীমের ব্যাট থেকে আসে ১৭ রান। তাতেই প্রথম ম্যাচেই জয় তুলে নেয় শাকিব খানের দল ঢাকা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। শাহিবজাদা ফারহান ফেরেন কোনো রান না করেই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২টি চার ও ২টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৭ রান। মুশফিকুর রহীম ২৩ বলে করেন ২৪ রান। শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করেন মোহাম্মদ নাওয়াজ। ২৬ বল খেলে করেন অপরাজিত ২৬ রান। তাতেই ১৩২ রানে থামে রাজশাহীর ইনিংস।
এই জয় কোচ জাকি থাকলে হয়তো উদযাপন করতেন নিজের শিষ্যদের সাথে। সে ভাগ্য তার হয়নি। তিনি এখন জীবনের ওপারে! ম্যাচের প্রথম ইনিংসে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইমাদ ওয়াসিম। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়া জানানোর সময় নিজ থেকেই জাকির জন্য দোয়া করেন পাকিস্তানি স্পিনার। ইমাদ ওয়াসিম বলেন, ‘প্রথমত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি (জাকি) খুব ভালো মানুষ ছিলেন। চলে গেলেন পরপারে। দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।
সংক্ষিপ্ত স্কোর :
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৩২/৮ (তানজিদ ২০, শান্ত ৩৭, মুশফিক ২৪, নাওয়াজ ২৬*, ইমাদ ৩/১৬, সালমান ১/১৭, নাসির ২/৩২, জিয়াউর ১/৩৫, সাইফ উদ্দিন ১/৩০)।
ঢাকা ক্যাপিটালস : ১৮.৫ ওভারে ১৩৪/৫ (উসমান ১৮, আল মামুন ৪৫, নাসির ১৯, শামীম ১৭*, সাব্বির ২১*; তানজিম ১/৩৬, নাওয়াজ ৩/২১, লামিছানে ১/৩৫)।
ফল : ঢাকা ক্যাপিটালস ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : ইমাদ ওয়াসিম।