ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ-সদর আংশিক) বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সাথে মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন।
উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মেইন বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় দুই মনোনয়নপ্রতাশী রাশেদ খানকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সাথে ঝিনাইদহ-৪ আসনে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রাশেদ খান এই সংসদীয় আসনের বাসিন্দা না। তিনি ঝিনাইদহ-২ আসনে চার-পাঁচ দিন আগেও গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে ম্যানেজ করে তাকে কালীগঞ্জবাসীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। কালীগঞ্জের মানুষ কোনো বহিরাগত ব্যক্তিকে কোনোভাবেই মেনে নেবে না।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, ‘বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন; কিন্তু হঠাৎ করে বহিরাগত একজনকে চাপিয়ে দেয়া হয়েছে।’