আবাহনীর সাথে ড্র বসুন্ধরার

জিততে পারেনি মোহামেডান এবং ফর্টিস এফসিও

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে দুই দলই পয়েন্ট হারিয়েছিল। বসুন্ধরা কিংস হেরে বসেছিল বাংলাদেশ পুলিশের কাছে। ঢাকা আবাহনী ২-২ এ ড্র করতে বাধ্য হয়েছিল পিডব্লিউডির সাথে। গতকাল কিংস এরিনায় ছিল দেশের অন্যতম সেরা এ দুই দলের ম্যাচ। এ খেলাতেও জিততে পারেনি বসুন্ধরা কিংস ও আবাহনীর কেউ। নিজ মাঠে বসুন্ধরা কিংস দুই গোলে লিড নিয়েই জিততে পারেনি। তাদের এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন আবাহনীর মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। তার জোড়া গোলেই ২-২ এ শেষ হয় খেলা। ড্রয়ের ফলে ফর্টিস এফসির সাথে ব্যবধান দুই-ই থাকল বসুন্ধরার। ৮ খেলায় ১৭ পয়েন্ট তাদের। আর ফর্টিসের ভান্ডারে সমান ম্যাচে ১৫ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ১০। লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ড্র করেছিল পিডব্লিউডির সাথে।

আবাহনী ও বসুন্ধরা কিংসের মতো গতকাল জিততে পারেনি মোহামেডান এবং ফর্টিসও। আলফাজ বাহিনী ১-১ এ ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাথে। ফর্টিস এফসিকে ১-১ গোলে ম্যাচ শেষ করতে বাধ্য করেছে ব্রাদার্স। বড় দলগুলোর পয়েন্ট খোয়ানোর দিনে লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। তারা ২-১ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে। এতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইয়ংম্যান্স উঠে এসেছে ৭ নাম্বারে। ৮ খেলায় তাদের ভান্ডারে জমা হয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট ব্রাদার্স ইউনিয়নের। ৯ পয়েন্ট মোহামেডানের। ফর্টিসের পয়েন্ট ১৫। ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে উঠে এসেছে রহমতগঞ্জ। পিডব্লিউডির পয়েন্ট ৭। তারা নেমে গেছে ৮ এ।

নিজ মাঠে বসুন্ধরা কিংস ৫ মিনিটেই রাকিবের গোলে এগিয়ে যায়। ১৬ মিনিটে নাইজেরিয়ান ইমানুয়েল সানডের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এরপরই আবাহনীর ঘুরে দাঁড়ানো। ১৯ মিনিটে সোলেমান দিয়াবাতে পেনাল্টি থেকে খেলায় ফেরান আকাশী-নীল শিবিরকে। এরপর ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে মারুফুল হকের দলকে হার থেকে রক্ষা করেন।

এ দিকে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ঘুরে দাঁড়াতেই পারছে না। হারে এবারের বাংলাদেশ ফুটবল লিগে জয় শুরু করা দলটি দুই ম্যাচ পর বিগ ম্যাচে জয়ের দেখা পায়। হারিয়ে দেয় চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে। এরপর ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল ক্লাবের বিপক্ষে জয়। লিগে ওই জয়ের পর আর এক খেলায় তিন পয়েন্টের দেখা পায়নি সাদা কালো শিবির। টানা তিন ম্যাচে জয় শূন্য। যার সর্বশেষটি হয়েছে গতকাল। হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৩ মিনিটে অভিষেক লিম্বুর গোলে লিড নেয় রহমতগঞ্জ। কামাল বাবুর দল ১-০ স্কোরলাইন থেকে বিরতিতে গেলেও এরপর জ্বলে ওঠে মোহামেডান। ৬৩ মিনিটে ঘানার স্যামুয়েল বোয়েটাং খেলায় ফেরান দর্শকপ্রিয় দলটিকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ১০ জন নিয়েও ম্যাচ জিতেছে ইয়ংম্যান্স। ২০ মিনিটে আইভরিকোস্টের ওয়াত্তারা বেন ইব্রাহিমের পেনাল্টে গোলে এগিয়ে যায় মতিঝিল ক্লাব পাড়ার দল। ৪৫ মিনিটে হোসাইন মোহাম্মদ আরিয়ান ব্যবধান দ্বিগুণ করেন। ৮০ মিনিটে পিডব্লিউডি পেনাল্টি থেকে ব্যবধান কমান পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। ৫০ মিনিটে লালকার্ড পান ইয়ংম্যান্সের শিহাব মিয়া। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২১ মিনিটে হিমেলের গোলে লিড পায় ব্রাদার্স ইউনিয়ন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ফর্টিসকে হার এড়ানো থেকে রক্ষা করেন গাম্বিয়ার পা ওমর বাউবা।