ইউরেশিয়ার নিরাপত্তায় ন্যাটোর সম্পৃক্ততার বিপক্ষে রাশিয়া
Printed Edition
তাস
ইউরেশিয়ার নিরাপত্তায় ন্যাটোর সম্পৃক্ততার বিরোধিতা করেছে রাশিয়া। একই সাথে সংস্থাটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ বা ওএসসিই নেতাদের সাথে এক বৈঠকের পর শুক্রবার তিনি এই মন্তব্য করেন।
পুরো ইউরেশিয়া মহাদেশের নিরাপত্তার দায়িত্ব নেয়ার যে উচ্চাকাক্সক্ষা ন্যাটো ঘোষণা করেছে, তা সমর্থন করে না মস্কো। ল্যাভরভের অভিযোগ, সংস্থাটি আসিয়ানের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এ লক্ষ্যে কিছু সদস্যকে ‘কোয়ার্টেট’ ও ‘ট্রিও’-এর মতো গোপন জোটে ঠেলে দেয়া হচ্ছে এবং ওই অঞ্চলে সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান যুক্ত করা হচ্ছে।
ওএসসিই চেয়ারম্যান ও সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং ওএসসিই মহাসচিব ফেরিদুন সিনিরলিওগ্লুর সাথে বৈঠকের পর ল্যাভরভ বলেন, ‘আমরা চাই না ন্যাটো পুরো ইউরেশিয়া মহাদেশের নিরাপত্তার সাথে যুক্ত হোক। অথচ ন্যাটো ঠিক সেই লক্ষ্যই ঘোষণা করেছে।’ তিনি এ ধরনের পদক্ষেপকে ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করে এ নিয়ে খোলামেলা আলোচনার আহ্বান জানান। কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনার পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন ল্যাভরভ। তিনি জানান, এ বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন কতটা প্রস্তুত, তা দেখার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি বলেন, আমরা অবশ্যই আলোচনার পক্ষপাতি। তবে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত তা দেখার অপেক্ষায় থাকব। একই সাথে তিনি উল্লেখ করেন, চীন এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ও ব্রিকসের অন্য সদস্যদের সাথে মিলে রাশিয়া অবিচ্ছেদ্য নিরাপত্তার নীতি সমর্থন করে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ‘গ্রেটার ইউরেশিয়ান পার্টনারশিপ’ উদ্যোগ সম্পর্কে ওএসসিইকে বিস্তারিত জানানো হয়েছে। মস্কো এটিকে ভবিষ্যতের ইউরেশীয় নিরাপত্তা কাঠামোর বস্তুগত ভিত্তি হিসেবে মনে করে।