ট্রাম্পের ছবিসংবলিত মার্কিন স্মারক পাসপোর্ট উন্মোচন
Printed Edition
এএফপি
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির মার্কিন পাসপোর্টের একটি নতুন নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমিত সংখ্যায় ছাড়তে যাওয়া ওই স্মারক পাসপোর্টের নকশায় ট্রাম্পের কঠোর চেহারার একটি ছবি সংযোজন করা হয়েছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ সেখানে আরো লেখা আছে ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপনের প্রতীক হিসেবে উপস্থাপিত এই পাসপোর্টের নকশাটিতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে। নকশার ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে। হোয়াইট হাউজের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি করা ছবিটির পেছন দিকটাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে।