বাকৃবির বর্ষসেরা সাংবাদিক নয়া দিগন্তের লিখন ইসলাম

Printed Edition
3rd-3
বাকৃবি সাংবাদিক সমিতির বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার গ্রহণ করেন লিখন ইসলাম : নয়া দিগন্ত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বর্ষসেরা সাংবাদিক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: লিখন ইসলাম। এ বছর বর্ষসেরা ফিচার লেখক হিসেবে মনোনীত হয়েছেন সুমন গাজী।

শুক্রবার রাতে বাকৃবিসাসের নিজ কক্ষে বাকৃবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক তাদের হাতে এ সম্মাননা প্রদান করেন।

সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, বছরব্যাপী জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও গুণগত মান, জাতীয় প্রেক্ষাপটে প্রভাব, কর্মদক্ষতা, সৃজনশীলতা, লেখার ধরন এবং সংখ্যা বিবেচনা করে প্রতি বছর বর্ষসেরা সাংবাদিক ও ফিচার লেখক পুরস্কার দেয়া হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি বর্ষসেরা সাংবাদিক ও ফিচার লেখকের নাম ঘোষণা করা হয়।

সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আমান উল্লাহর সঞ্চালনায় এবং সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদিরসহ আমন্ত্রিত অতিথিরা।

মো: লিখন ইসলাম বর্তমানে সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সুমন গাজী কালের কণ্ঠ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পাওয়া নিয়ে মো: লিখন ইসলাম বলেন, সাংবাদিক সমিতিকে নিজের পরিবার মনে করে সারা বছর কাজ করেছি। কাজের স্বীকৃতি অবশ্যই অনেক অনুপ্রেরণা জোগায় এবং এই স্বীকৃতি প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমার ওপরে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা সঠিকভাবে পালন করতে চাই এবং এ কাজে সবার সহযোগিতা আশা করছি।