চলতি মৌসুমে থাকছে না রেলিগেশন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দলগুলোর জন্য বড় স্বস্তির খবর। এই মৌসুমে কোনো ক্লাবের থাকছে অবনমন বা রেলিগেশন। গত শনিবার ৪৪টি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৈঠক শেষে ইয়াং পেগাসাস ক্লাব-এ-এর কাউন্সিলর আহসানুর রহমান মল্লিক রনি সাংবাদিকদের বলেন, ‘আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, এই বছর প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে কোনো রেলিগেশন থাকবে না। ফলে সব দলই নিরাপদ এবং আগামী বছর তারা নিজ নিজ বিভাগেই খেলার সুযোগ পাবে।’
তবে এই মৌসুমে যে চারটি দল উপরের স্তরে পদোন্নতি বা প্রমোশন পেয়েছে, তাদের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই দলগুলো হলো গুলশান ক্লাব, ইয়াং পেগাসাস ক্লাব-এ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং বসুন্ধরা রাইডার্স। এদের বিষয়ে সভাপতি আরও আলোচনা করবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রমোশন পাওয়া দলগুলোর সঙ্গে সমঝোতা না হলে প্রতিটি বিভাগে দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের দল ১২টি থেকে বেড়ে ১৪টি এবং প্রথম বিভাগের দল ২০টি থেকে বেড়ে ২২টি হতে পারে।