বাংলাদেশী ‘মাস্টার’-এর রটারডাম জয়!
Printed Edition
বিনোদন ডেস্ক
অন্য যেকোনো বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। শুধু তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে। অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এর মধ্যে আসতে শুরু করেছে সুখবর। প্রথম সুখবরটি এলো ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের ‘মাস্টার’-এর পক্ষ থেকে। সিনেমাটি আসরের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে। নেদারল্যান্ডসের রটারডাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও শিল্পীরা। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশী সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অন্যতম কুশীলব আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। নির্মাতাসহ তারা চারজনই উৎসবে সরাসরি অংশ নিয়েছেন। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সাথে সাথে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ‘মাস্টার’ টিম। ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’ জাকিয়া বারী মমও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন।