প্রবীণ সংবাদিক এ এস এম হাবিবুল্লাহ আর নেই

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের জীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবিবুল্লাহ আর নেই। শনিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া আব্দুল্লাহ ভিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ এস এম হাবিবুউল্লাহ ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।

শনিবার বাদ এশা ময়মনসিংহ সানকিপাড়া প্রাইমারি স্কুলসংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার ইন্তেকালে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক

বিবৃতিতে নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।