উগ্রবাদী সংগঠনে সম্পৃক্ততার অভিযোগ
বড়লেখা সীমান্তে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার
Printed Edition
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো: রাহেদ হোসেন মাহেদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার দুর্গম বোবারথল ষাটঘরি সীমান্ত এলাকার একটি টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের পর বড়লেখা থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতার মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। মামলাটি বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।
পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘কতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্যদের সাথে মাহেদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও তথ্য মিলেছে।
এ দিকে সম্প্রতি পুলিশ সদর দফতর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় বিভিন্ন ইউনিটকে সতর্কতামূলক নির্দেশনা দেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপর মৌলভীবাজারের পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলামের নির্দেশে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে অভিযান শুরু হয়।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান গতকাল দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ উগ্রবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এ ছাড়া বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ারও চেষ্টা করছিলেন।