নবীনগরে বিরানি খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

Printed Edition

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত রোববার সন্ধ্যায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের তালতলায় থোল্লাকান্দি গ্রামের বড়বাড়ির কামরুল ইসলামের ছেলে ফাহিমের সাথে মতিন মিয়ার ছেলে মোস্তাকিম মুরাদের (১৮) নির্বাচনী মিছিল শেষে বিরানি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ফাহিম মুরাদকে ছুরিকাঘাত করলে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুনের বিষয়টি তদন্তে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।