জাতিসঙ্ঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত চায় ইনকিলাব মঞ্চ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শহীদ ওসমান হাদি হত্যামামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসঙ্ঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর আহ্বান জানান সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যা মামলায় সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানতে চাই আর কত দিনে এই মামলার তদন্ত শেষ হবে?’
তিনি অভিযোগ করেন, মামলার বাদি হওয়া সত্ত্বেও তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না। এমনকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তার স্বাক্ষর নকল হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এ অবস্থায় তদন্তে স্বচ্ছতা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে কোনো নথিতে স্বাক্ষর না করার কথাও জানান।
আব্দুল্লাহ আল জাবের আরো বলেন, শহীদ ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন এবং হত্যার ৪৭ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্তপ্রক্রিয়ার মধ্য দিয়েই হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রেক্ষাপটে জাতিসঙ্ঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের নজির টেনে তিনি বলেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার মতো ঘটনাও জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। তিনি বলেন, গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করা সম্ভব হয়নি। ড. ইউনূস যদি সত্যিই জনগণের সরকার হন, তাহলে শহীদ ওসমান হাদির পরিবারের সাথে দেখা করতে এত প্রতিবন্ধকতা কেন?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, শুধু সিসিক্যামেরা বসালেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না। ঝুঁকিপূর্ণ প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।