রোহিঙ্গাদের ২০২ কোটি টাকা সহায়তা দিয়েছে জাপান
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য জাপান এক কোটি ৬৫ লাখ ডলার বা প্রায় ২০২ কোটি টাকা অনুদান সহায়তা দিয়েছে। ইউনিসেফ, ইউএনএফপিএ, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএইচসিআরের সাথে অংশীদারিত্বের মাধ্যমে সহায়তার এই অর্থ দিয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী ক্রমবর্ধমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। তাদের জন্য মানবিক তহবিল তীব্র চাপের মধ্যে রয়েছে। শরণার্থী এবং বাংলাদেশী আশ্রয়দাতা সম্প্রদায় উভয়ের জন্য চাহিদা ক্রমাগত বাড়ছে।
জাপান পাঁচটি প্রকল্পের মাধ্যমে কক্সবাজার এবং ভাসানচরে বিভিন্ন জরুরি অগ্রাধিকারমূলক বিষয়কে সমর্থন করবে, যার মধ্যে রয়েছে খাদ্যসহায়তা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও স্যানিটেশন, আশ্রয় সামগ্রী, স্বাস্থ্যসেবা, জীবিকা, নারী ও মেয়েদের সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং স্থানীয় কৃষকদের জন্য জলবায়ু স্থিতিস্থাপকতা সহায়তা।
এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, দীর্ঘস্থায়ী মানবিক সঙ্কটের মুখে উদারতা প্রদর্শনকারী বাংলাদেশী আশ্রয়দাতা সম্প্রদায় ও রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন করার জন্য জাপান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসঙ্ঘের সংস্থাগুলোর সাথে এই পাঁচটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে জাপান জীবন, মর্যাদা এবং স্থিতিস্থাপকতা রক্ষার জন্য সময়োপযোগী এবং কার্যকর সহায়তা দেবে। আমরা আশা করি, এই সহায়তা ক্রমবর্ধমান চাহিদা এবং বিশ্বব্যাপী মানবিক তহবিল সঙ্কুচিত হওয়ার সময়ে প্রয়োজনীয় পরিষেবাগুলো বজায় রাখতে সহায়তা করবে।