যেন নারী রাজত্ব
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পুরুষদের প্রবেশাধিকার নেই। রাজত্ব করবে কেবল নারীরা। একটি মধ্যযুগীয় ফরাসি প্রাসাদ কিনে এবং সেই প্রাসাদে প্রবেশাধিকার জারি করে সমাজমাধ্যমে হইচই ফেললেন ৩০০ মহিলা। সেই প্রাসাদের একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০০ মহিলার একটি দল একত্র হয়ে মধ্যযুগীয় ফরাসি ওই শ্যাতো (এক ধরনের প্রাসাদ) কিনেছেন। সেটিকে অবসরযাপনের একটি অবকাশকেন্দ্রে পরিণত করেছেন। তবে সেখানে যাওয়ার নিয়ম একটাই, আপনাকে নারী হতে হবে। পুরুষদের প্রবেশাধিকার নেই ওই প্রাসাদচত্বরে। কেবল মহিলারাই সময় কাটাতে, একে-অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং দৈনন্দিন জীবন থেকে বিরতি নিতে ওখানে যেতে পারেন।
মূলত সৌহার্দ্য, স্বাচ্ছন্দ্য ও সম্মিলিত অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য মহিলাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে।
এক্সে ভাইরাল হওয়া ওই ভিডিওর মাধ্যমে একটি বার্তাও দিয়েছেন প্রাসাদের বর্তমান মালকিনেরা। পোস্টটিতে লেখা, “সেরা বন্ধু, বড় মেয়ে এবং আরো ৩০০ মহিলার সাথে মিলে মধ্যযুগীয় শ্যাতো কিনেছি। নারীদের একত্র হওয়ার, একে-অপরকে আলিঙ্গন করার, উদ্যাপন করার এবং একে-অপরকে উৎসাহিত করার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে স্বাধীনভাবে। আনন্দের সাথে মনপ্রাণ দিয়ে আমরা এটা ধীরে ধীরে গড়ে তুলেছি।
মালিকানার সঠিক কাঠামো এবং ৩০০ জনের প্রত্যেকে ওই প্রাসাদ কিনতে কত টাকা করে দিয়েছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ না পাওয়া গেলেও বিষয়টি নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উৎসাহী এবং কৌতূহলী প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ওই মহিলাদের এ রকম উদ্যোগ নেয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন। এক মহিলা নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন, এটাই আমার অবসরকালীন পরিকল্পনা। অন্য একজন লিখেছেন, অসাধারণ! পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে। কত টাকা ভাড়া জানতে পারলে সুবিধা হতো।