ফটিকছড়িতে নিহত ৪ আহত ২০

অন্যান্য স্থানে নিহত ২

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়িতে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এছাড়া টট্টগ্রাম ও নড়াইলে নিহত হয়েছেন দুইজন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দীঘি মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়িতে একটি অনুষ্ঠান শেষে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পথে পেলাগাজি দীঘি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন উপজেলার হারুয়ালছড়ির হাজারীখিল উরাং পাড়ার যুগেশ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৮), তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৪), রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৫) এবং পশ্চিম নলুয়াপাড়ার মন্দারাম ত্রিপুরার ছেলে কিনা কুমার (ফয়ানা) (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা: মেহেদী জানান : ‘আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুব জানান, নিহত চারজনের মধ্যে তিন কিশোর স্কুল বন্ধ থাকায় রাজমিস্ত্রির সহকারীর কাজে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হন।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম মো: আজিজুল ইসলাম (৪৪)। গত সোমবার রাত ৮টায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, চন্দ্রঘোনা থানার অন্তর্গত কারিগরপাড়া এলাকায় ঢাকা থেকে আগত টাইলস ও ওষুধ বোঝাই করা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো নং- ১৭-৭১৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাক চালক আজিজুল ইসলাম নিহত হয়েছেন। নিহত চালকের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় (১৭) নামে অপর এক কিশোর গুরুতর আহত হন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ বাগচি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাস বাগচির ছেলে। আহত বিজয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর থেকে মোটরসাইকেলযোগে জিৎ ও তার বন্ধু বিজয় লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা তার বন্ধু বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।