জুলাই সনদ বাস্তবায়নে সংসদে যাবো, রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয় : নাহিদ ইসলাম
Printed Edition
রাজশাহী ব্যুরো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ১২ তারিখ জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে। সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটা আমরা দেখতে চাই।
মঙ্গলবার বিকেলে রাজশাহী টিচার্স ট্রেইনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফেরত আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে, ঋণখেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের এমপি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।