ঘুমকাতুরে সিল
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সমুদ্রতীরবর্তী শহর ড্রোমানায় গত শুক্রবার হঠাৎ করেই রাস্তায় যান চলাচল থমকে যায়।
কারণ রাস্তার মাঝখানে রাজত্ব শুরু করেছিল এক অপ্রত্যাশিত অতিথি। সে হলো, সমুদ্র থেকে উঠে আসা একটি ঘুমকাতুরে সিল। স্থানীয় কেউ কেউ তাকে আদর করে ডাকেন ‘স্যামি’।
ঘুমকাতুরে সামুদ্রিক প্রাণী সিলকে সাধারণত সমুদ্রতীরে রোদ পোহাতে পোহাতে ঘুমাতে দেখা যায়। কিন্তু ওই দিন সে যেন সব নিয়ম ভেঙে একেবারে গাড়ি চলাচলের রাস্তায়ই ঘুমিয়ে পড়েছিল। গাড়ির হর্ন বা মানুষের কোলাহল কোনো কিছুতেই তার ঘুম ভাঙছিল না।
ঘটনাটি প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দা লরা এলেনের। তিনি হাসতে হাসতে বলেন, ‘সে সাধারণত সারা দিনই ঘুমায়। কিন্তু তাকে রাস্তায় ঘুমাতে দেখে আমার হাসি পেয়েছে। এমনটা আগে কখনো দেখিনি। ও কোথায় কখন চলে আসে কেউ জানে না।’
ঘটনার পর স্থানীয় পুলিশ এসে সেখানকার যান চলাচল সাময়িকভাবে অন্য পথে ঘুরিয়ে দেয়। স্যামি তখনো রোদে গা এলিয়ে ঘুমাচ্ছিল।
পরে বন্য প্রাণী উদ্ধারের কাজে নিযুক্ত কর্মীরা এসে ধীরে ধীরে সিলটিকে নিরাপদে আবার সমুদ্রসৈকতের দিকে ফিরিয়ে নেন। এরপর রাস্তাটি আবার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।