টি-২০ বিশ্বকাপ আজ শুরু
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় আজ থেকে মাঠে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোতে মুখোমুখি হবে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে সাবেক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর এদিন শেষ ম্যাচে নিজেদের মাঠে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
টি-২০ বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে ২০টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি ভাগে। প্রতি গ্রুপ রয়েছে পাঁচটি করে দেশ। গ্রুপ ‘এ’তে দিনের প্রথম ম্যাচে সকাল ১১.৩০ মিনিটে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭.৩০ মিনিটে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এর মাঝে বেলা ৩.৩০ মিনিটে ‘সি’ গ্রুপের ম্যাচে এবারের আসরে বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়া স্কটল্যান্ড মোকাবেলা করবে সংক্ষিপ্ত ভার্সনের এই আসরের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলবে। সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। প্রত্যক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্ব। সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার তিনটি ও ভারতে পাঁচটিতে ভেনুতে। ২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এখন পর্যন্ত হওয়া ৯টি আসরের মধ্যে সর্বোচ্চ দু’বার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারত। আর পাকিস্তান ছাড়াও একবার করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় ২৬০ রান শ্রীলঙ্কার। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে এই রান করেছিল করেছিল তারা। আর ২০১৬ আসরে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত দলীয় সংগ্রহ ৩০০ বা তার চেয়ে বেশি রান না দেখলেও আন্তর্জাতিক টি-২০তে এমন স্কোর দেখে গেছে তিনবার। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো দখলে রয়েছে জিম্বাবুয়ের। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল সাবেক ক্রিকেট হিথ স্টিক ও অ্যান্ডি-গ্রেন্ট ফ্লাওয়ারের দেশটি। এর আগের বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল নেপাল। আর গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ইংল্যান্ডও।
এবারের টি-২০’র বৈশ্বিক আসরে প্রথমবারের মতো তিনশ রান দেখা যাবে বলে মনে হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের। তার সাথে যোগ দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদবও।
ব্রুক বলেন, ‘ভারতে এমন অনেক মাঠ আছে যেখানে তিনশর বেশি রান হতে পারে। এই মুহূর্তে উইকেটগুলো দেখে বেশ ভালো মনে হচ্ছে। আউটফিল্ড অনেক দ্রুত ও বাউন্ডারি তুলনামূলক ছোট। তাই, হ্যাঁ, মাঠে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে- আউট হওয়ার চিন্তা না করে যতটা সম্ভব বলের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।’
সূর্যকুমার বলেন, ‘খেলাটি আসলে অনেক দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, বোলারদের জন্য সময়টা কঠিন; কিন্তু আমাদের করার মতো কিছু নেই। আমি ব্যাটসম্যান হওয়ায় খুশি, তবে আমার নিজেদের বোলার ও অন্য বোলারদের জন্যও খারাপ লাগে। তবে সবাই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগানোর চেষ্টা করছে, খেলাটা উপভোগ করছে, আরো বেশি সাহসী হয়ে উঠছে। আর এটা অবশ্যই মাঠে আসা দর্শকদের জন্য দারুণ বিনোদন।’