জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে ঈদ উপহার জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

জুলাই বিপ্লবে শহীদ ও বিভিন্ন আন্দোলনে শহীদ দলীয় নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া আহতদের পরিবারের মধ্যেও ঈদ উপহার দিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নির্দেশনায় বিভিন্ন শাখা থেকে এ উপহার পৌঁছে দেয়া হয়েছে। দলটির প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন: জামায়াত আমির ডা: শফিকুর রহমান ঢাকায় নিজ বািড়তে, নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো: শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুভেচ্ছাবার্তায় মহানগরী নেতৃবৃন্দ বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশির সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শান্তি ও সহমর্মিতার অনুপম শিক্ষা দেয় এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ বছর পর আমরা স্বস্তি ও নিরাপদে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের ফিলিস্তিনের মজলুম ভাই বোনেরা দখলদার ইসরাইলের বর্বর হামলায় ঈদের আনন্দ উপভোগ করতে পারছে না। যে মানবিক বিপর্যয় সেখানে ঘটছে তা নিরসনে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ঈদুল ফিতরের এই দিনে রাসূলুল্লাহ সা: ও তাঁর সাহাবাগণের ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভাষায় শুভেচ্ছা জানান, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থ : মহান আল্লাহ তায়ালা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন। অসহায় মানুষকে সহযোগিতার মাধ্যমে এবার ঈদের আনন্দকে ভাগাভাগি করতে এবং রমাদান মাসের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশে কল্যাণকামী সরকার বা নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ পেয়েছে জাতি। নতুন বাংলাদেশ নিয়ে জাতির প্রত্যাশা অনেক। জাতির প্রত্যাশা পূরণে সব ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দলমতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ভাসানটেকে ঈদশুভেচ্ছা সামগ্রী বিতরণ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। আমরা সমাজের অধিকারবঞ্চিত মানুষের পাশে অতীতে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকব ইনশাআল্লাহ। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ভাসানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদশুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা প্রচার ও আইটি সম্পাদক হাফেজ আলী হোসাইন, বায়তুলমাল সম্পাদক সেলিম রেজা, জামায়াত নেতা ফারুক হোসেন, শামীম আহমেদ, হারুন খান, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, সাইফুল ইসলাম ও আকবর হোসেন প্রমুখ।

কসবা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সরকার, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ নুরুল মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

উত্তরায় সুবিধাবঞ্চিতদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। থানা আমির মাহজুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ঢাকা-১৮ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক আমির ইবনে কারীম আহমেদ মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পল্লবীতে ঈদ উপহার বিতরণ : গত ২৮ মার্চ পল্লবী মধ্য থানার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক কর্নেল (অব:) আব্দুল বাতেন। থানা আমির রইসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজনের সঞ্চালনায় চার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।