তুরস্কে আইএস সদস্য সন্দেহে গ্রেফতার ১১৫
Printed Edition
আলজাজিরা
আসন্ন ইংরেজি নববর্ষ উদথযাপন উপলক্ষে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকে তুরস্কজুড়ে নিরাপত্তা অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএস (ইসলামিক স্টেট) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এ অভিযানে অংশ নেয় তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। খবর অনুসারে, উৎসব চলাকালে জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই আগাম সতর্কতা ও সাঁড়াশি অভিযান চালানো হয়।
তুরস্ক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আইএসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা তুরস্কের অভ্যন্তরীণ শাখার পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত আইএস সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা এবং উগ্রবাদী কার্যক্রমে মদদ দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।