ঢাকা-২০ আসনে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Printed Edition

ধামরাই ঢাকা সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব। এ আসনের বিভিন্ন দলের মোট ছয়জন প্রার্থী রয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, চর চৌহাট সরকারি প্রাথিমক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারি প্রাথিমক বিদ্যালয়, কান্টাহাটি সরকারি প্রাথিমক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদরাসা নিচ, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদরাসা, খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোট কেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখল বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হলেও ভোট গ্রহণের কোনো সমস্য হবে না। এ বিষয়ে ধামরাই থানার ওসি মো: নাজমুল হুদা খান বলেন, ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব জানান, আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, ধামরাইতে সুন্দরভাবে ভোট গ্রহণ হবে।