তেহরানের বিপ্লবী আদালতে জাফর পানাহির বিচার
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারো আইনি জটিলতার মুখে পড়েছেন। আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে তেহরানের বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখায় তার বিচার শুরু হতে যাচ্ছে।
প্রেক্ষাপট ও অভিযোগ এর আগে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে, তেহরানের ইসলামিক বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখা পানাহির অনুপস্থিতিতে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। তার বিরুদ্ধে ‘সরকারবিরোধী প্রচারণার’ অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তার ওপর দুই বছরের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক ও সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইনজীবীর বক্তব্য- আন্তর্জাতিক চলচ্চিত্র সাংবাদিক মনসুর জাহানির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, এক বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার পর আদালত আগামী ৪ জানুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।
এক নজরে জাফর পানাহি জাফর পানাহি ইরানের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা। তিনি কান চলচ্চিত্র উৎসবে ‘পাম দ’র’সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে গত কয়েক দশক ধরে ইরান সরকারের বিধিনিষেধ এবং সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাকে। আন্তর্জাতিক চলচ্চিত্র সমাজ পানাহির এই আইনি বিষয়টিকে ইরানি শিল্পীদের ওপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে দেখছে।