তরুণ ভোটারদের আগ্রহে জমে উঠেছে প্রচারণা
বগুড়া-১ আসন
Printed Edition
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের গণসংযোগ বাড়ছে। গ্রামাঞ্চল, হাট-বাজার ও চায়ের দোকানে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নির্বাচন ও প্রার্থীদের হিসাব-নিকাশ।
এ আসনে মোট পাঁচজন প্রার্থী নিয়মিত মাঠে রয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজি রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের এ বি এম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো: আসাদুল ইসলাম এবং গণফোরামের সূর্য প্রতীকের প্রার্থী জুলফিকার আলী।
এলাকাবাসী ও রাজনৈতিক সূত্রে জানা যায়, ধানের শীষের প্রার্থী আলহাজ কাজি রফিকুল ইসলাম ইতোমধ্যে একবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অপর দিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন দুইবার নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু সংসদে যেতে পারেননি। তিনি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘সাতমাথা’ পত্রিকার সম্পাদক। তুলনামূলকভাবে বাকি দলগুলোর প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা কম বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উন্নয়ন, রাজনৈতিক অভিজ্ঞতা ও নির্বাচনী প্রতিশ্রুতির কারণে একটি বড় অংশ ধানের শীষ প্রতীকের দিকে ঝুঁকছে। তবে কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারের কারণে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তরুণ ভোটারদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, বগুড়া-১ আসনে অতীতে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা পালাক্রমে জয়ী হয়েছেন। এবার পরিস্থিতি ভিন্ন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফলে বড় চমক আসতে পারে।
নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ের সচেতনতা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, বগুড়া-১ আসনে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।