নলডাঙ্গায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন ক্রিকেটার তামিম

Printed Edition
bangla-6
নলডাঙ্গায় ক্রিকেটার তামিম ইকবালের অর্থে নির্মিত মসজিদ : নয়া দিগন্ত

নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নে হাঁপানিয়া গ্রামে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। বাড়ির কাছাকাছি কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে মুসল্লিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। এখন প্রতিদিন গ্রামের মানুষ নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করছেন।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট মাঠ ও মাঠের বাইরেও নানা মানবিক, সেবামূলক ও এমন ধর্মীয় কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অজপাড়াগাঁয়ের এই প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ তারই উদাহরণ।

স্থানীয় এলাকাবাসী ও মসজিদের সভাপতি জানান, চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সাথে একটি মসজিদ নির্মাণের কথা শেয়ার করেন তামিম। তাইজুল ইসলাম তার বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করেন, যেখানে মসজিদের প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত হাঁপানিয়া গ্রামকেই বেছে নেয়া হয়। তামিম ইকবাল নিজ উদ্যোগে এ কাজে এগিয়ে আসেন।

শুরুতে এই জায়গায় ছিল ছনের বেড়া আর টিনের চালের মসজিদ। এলাকাবাসী অনেক চেষ্টায় পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থাভাবে তা আলোর মুখ দেখেনি। এর আগে একবার মসজিদ নির্মাণে এক লাখ টাকা সংগ্রহ করলেও সে টাকা আত্মসাৎ হয়ে যায়। সবশেষে হাত বাড়ান তামিম ইকবাল, পাকা মসজিদটি সম্পূর্ণভাবে নির্মাণ হয়। সমাজের জন্য এমন কাজে তামিম হয়ে উঠেছে অনুপ্রেরণা। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন আরো বড় বড় ভালো কাজে যুক্ত হতে পারেন।