এখনই বিলুপ্ত হচ্ছে না এনবিআর

গতকাল বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ সংবাদদাতা
Printed Edition
NBR

  • রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধন করা হবে
  • অধ্যাদেশ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রেস রিলিজ

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির কারণে এখনই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এনবিআরের সকল বিভাগ আগের মতো কাজ করবে। শুধু তাই নয়, সবার সাথে আলোচনা করে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের আহ্বান জানিয়ে এতে বলা হয়েছে, যেহেতু অধ্যাদেশটি প্রয়োজনীয় সংশোধন করে বাস্তবায়ন করার কাজটি অনেক সময় সাপেক্ষ, সেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সকল কার্যক্রম সম্পাদন করবেন।

বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের স্বার্থ অক্ষুণœ রেখে পৃথকীকরণের প্রশাসনিক কাঠামো কিভাবে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড ও গুরুত্বপূর্ণ সকল অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে এবং কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের কোনো পদ-পদবি কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বরং সংস্কারকাজ সম্পাদন হলে তাদের পদ সংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগসহ পদোন্নতির সুযোগ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি জারি করার পর তা বাস্তবায়নের জন্য অনেকগুলো কাজ যেমন- দু’টি বিভাগের নতুন করে সাংগঠনিক কাঠামো প্রণয়ন করত পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, সচিব কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ইত্যাদি সম্পাদন করতে হবে- যা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। তা ছাড়া দু’টি নতুন বিভাগের জন্য ‘এলোকেশন অব বিজনেস’ এবং আয়কর আইন, কাস্টমস আইন, মূল্য সংযোজন আইন এবং এ সকল আইনের সাথে সম্পৃক্ত বিধি ও প্রবিধানেও পরিবর্তন আনার প্রয়োজন হবে। এ কাজগুলোও সময় সাপেক্ষ কাজ। যেহেতু এই কাজগুলো সম্পাদন না করে কোনোভাবে অধ্যাদেশটি বাস্তবায়ন করা সম্ভব নয় সেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এখনই বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রেস রিলিজে বলা হয়েছে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে অর্থবছরের শেষ সময়ে জাতীয় বাজেট কার্যক্রম এবং রাজস্ব আহরণে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস সময়ে দফতরে উপস্থিত থেকে তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম চালু রেখে এবং করাদাতাদেরকে কাক্সিক্ষত সেবা প্রদান করে অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ মে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়নের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ২০ মে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির ৫ জন সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির উপস্থিতিতে ১ ঘণ্টার বেশি সময় ধরে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দু’জন প্রতিনিধি, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনায় উত্থাপিত সকল বিষয় অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনায় নিয়ে সভা শেষে অর্থ উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন যে,

‘রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সকল অংশীজনের সাথে বিশদ আলোচনাক্রমে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পর উক্ত অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে।’

এমন ফলপ্রসূ আলোচনার পর যে বাস্তবসম্মত সিদ্ধান্ত জানানো হয়েছে তা মেনে না নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পুনরায় অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে তার কোনো যৌক্তিক কারণ নেই।

বলা হয়েছে, বুধবারও রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত দু’জন সদস্যের মধ্যস্ততায় সারা দিনব্যাপী দফায় দফায় আলোচনার একপর্যায়ে তাদের পাঠানো সমঝোতা প্রস্তাব সম্পূর্ণ মেনে নেয়ার পরও শেষ মুহূর্তে তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিষয়সমূহ