নড়াইলে হিন্দু-মুসলিম ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা

Printed Edition

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ব্যতিক্রমী এক আয়োজনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ঈদের আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামীণ খেলাধুলা, কাজী নজরুল ইসলামের ‘কৃষকের ঈদ’ কবিতার আবৃত্তি, আলোচনা সভা এবং ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

গত বুধবার নড়াইল সদরের আগদিয়ার-চর যুবাসংঘ ক্লাব চত্বরে এই সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়। সৌদিপ্রবাসী রবিউল ইসলাম রবির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষেরা হাড়িভাঙ্গা ও বালিশ বদলের মতো গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠেন। অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীদের উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা।

সিঙ্গাশোলপুর কে পি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভগীরথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। মুখ্য আলোচক নজরুল গবেষক এইচ এম সিরাজ ও অন্যান্য বক্তারা নজরুলের কবিতার পঙক্তিমালা উদ্ধৃত করে সমাজে ধনী-দরিদ্র ও সাম্প্রদায়িক ভেদাভেদ ঘুচিয়ে দেয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, নজরুলের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের মর্মবাণী যেন সবার জীবনে প্রতিফলিত হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঈদ উপহার বিতরণ। গ্রামের ১৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এ ছাড়া ২০০ জনকে এক হাজার টাকা করে ‘ঈদ সেলামি’ দেয়া হয়েছে। উপহার পেয়ে খুশি হওয়া স্থানীয়রা জানান, এমন আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

আয়োজকেরা জানান, ঈদের আনন্দ কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বিলিয়ে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।