মোসাদের নতুন প্রধান গোফমান

Printed Edition
onno-2
মোসাদের নতুন প্রধান গোফমান

এএফপি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফমানকে গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হয়ে তিনি ইসরাইলের অত্যন্ত স্পর্শকাতর এই নিরাপত্তা পদে দায়িত্ব নেবেন।

নেতানিয়াহুর দফতর জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গোফমানের প্রার্থিতা অনুমোদন করেছে। ইসরাইলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর বলেছে, ‘কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোসাদের পরবর্তী প্রধান মেজর জেনারেল রোমান গোফমানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তিনি ২০২৬ সালের ২ জুন থেকে পাঁচ বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।’

মোসাদের নির্বাহী প্রধানের মেয়াদকাল পাঁচ বছর। বর্তমান নির্বাহী প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। সে দিনই বার্নিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন গফম্যান। মোসাদ বিশ্বের সবচেয়ে পেশাদার, দক্ষ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত। ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতেও মোসাদের প্রভাব গভীর এবং ব্যাপক।

আর এ দিকে মেজর জেনারেল গফম্যানের কোনো উল্লেখযোগ্য গোয়েন্দা অভিজ্ঞতা নেই। অতীতে কখনো ইসরাইলের পক্ষে কোনো গোয়েন্দা তৎপরতায় যুক্ত হয়েছেন- এমন রেকর্ডও নেই; কিন্তু তা সত্ত্বেও তাকেই মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। ইসরাইলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরেই মেজর জেনারেল গফম্যানকে এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেয়া রোমান গফম্যান ১৪ বছর বয়সে অভিবাসী হিসেবে মা-বাবার সাথে ইসলাইলে আসেন। ১৯৯৫ সালে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) আর্মোরড কোর বিভাগে যোগ দেন তিনি এবং নিজের একটি দীর্ঘ সামরিক ক্যারিয়ার তৈরি করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী ইসরাইলে হামলা চালানোর সময় আইডিএফের পদাতিক বিভগের প্রশিক্ষণ কেন্দ্রের একজন কমান্ডার ছিলেন তিনি। ৭ অক্টোবর হামলার সময় হামাসের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা তার আছে এবং সেই যুদ্ধে তিনি গুরুতর আহত হয়েছিলেন।