নির্বাহী পরিষদের বৈঠক
জামায়াতের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এর আগে মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার কথা জানিয়েছিল দলটি। তবে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দেবেন বলে দলটির নেতারা জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠক থেকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
ঢাকা মহানগরী দক্ষিণের প্রস্তুতি সভা : ৩ জানুয়ারির মহাসমাবেশ বাস্তবায়নে শুক্রবার রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম। এ ছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, থানা আমির ও বিভাগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যেই উদ্বেগ, উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নতুবা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
ন্যাশনাল ডক্টরস ফোরামের আলোচনা সভা : ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মেডিক্যাল বিভাগের সভাপতি ডা: জি এম ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং মেডিক্যাল বিভাগের সেক্রেটারি ডা: মোহাম্মদ মারুফ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক ডা: নাসরিন আক্তার, সহযোগী অধ্যাপক ডা: বিলকিস ফেরদৌস, মহিলা বিভাগের সেক্রেটারি ডা: সালমা, ডা: ফেরদৌস আরা বানু কাকলি প্রমুখ। এ ছাড়াও সভায় ঢাকা মহানগরী দক্ষিণের মেডিক্যাল বিভাগের (মহিলা বিভাগ) বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।